টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১০ বার পঠিত
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মো. হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মো. হানিফ নামে একজন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হোয়াইক্যং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর পাশে তার চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন তিনি। সেখানে তার নৌকা ও চাঁই ঠিক আছে কিনা সেটি দেখতে ওই ঘেরে গিয়েছিলেন তিনি।
তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে। তবে মিয়ানমার সীমান্ত থেকে ওই ঘের এক কিলোমিটার ভেতরে অবস্থিত বলে জানান স্থানীয় বাসিন্দারা। নাফ নদী এবং এর আশেপাশে অবস্থিত চিংড়ি, কাঁকড়ার ঘেরগুলো স্থানীয় বাসিন্দাদের আয়ের উৎস। ফলে মিয়ানমারের পরিস্থিতিতে ওই এলাকায় সাধারণ মানুষ জীবিকা উপার্জনে গিয়ে গুলি ও মাইন বিস্ফোরণের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে যেন মাইনগুলো খুঁজে ধ্বংস করা হয় সে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মিয়ানমারের রাখাইনে গত কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করছে সেখানে।









