হামে শুধু রাজশাহীতেই মারা গেছে ৫০ শিশু
- আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৭ বার পঠিত

চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০ শিশু। এর মধ্যে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। রামেক হাসপাতালের দেওয়া গেল এক সপ্তার তথ্য দেখা গেছে- বৃহস্পতিবার হামের উপসর্গ চার শিশুর মৃত্যু হয়েছে। এরআগের দিন বুধবার তিন শিশু, মঙ্গলবার এক শিশু, সোমবার দুই শিশু, রোববার দুই শিশু, শনিবার তিন শিশু, শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে।
চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই শিশু, যারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়া—এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি। দেরি করলে জটিলতা বাড়তে পারে এবং মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।
তারা আরও বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।










