গণমাধ্যমসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা
- আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২২ বার পঠিত

পরিকল্পিত ‘মব সন্ত্রাস’ ও সহিংসতার ধারাবাহিক ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন।
বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সীমাবদ্ধতাগুলো প্রকাশ পাচ্ছে, তা দুঃখজনক।
সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া বৃহস্পতিবার গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং জুলাই আন্দোলনের তরুণদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

















