শ্রীমঙ্গলে ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৫ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাসব্যাপী ‘ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচে জেআর ফুটবল একাডেমি সিন্দুরখান জয়লাভ করেছে। তারা ওয়ার্কসব ইউনাইটেড ক্লাব শ্রীমঙ্গলকে পরাজিত করে টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা করে।
রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পর এই উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিনের হাতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, “১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমরা এই সংস্থাটি প্রতিষ্ঠা করি। সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় আমাদের ধারাবাহিক কাজ চলমান। এমন টুর্নামেন্ট গ্রামীণ যুবশক্তিকে সংগঠিত করে, খেলার মাঠে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন মজবুত করে।”
অনুষ্ঠানে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজির উদ্দিন, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণা বিশ্বাস, ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে মোট ৩২টি টিম অংশগ্রহণ করছে। খেলাগুলো প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং পুরো মাসব্যাপী চলবে বলে আয়োজকরা জানান।


















