শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০
- আপডেট সময় : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১২ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক বিরোধ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।বুধবার রাতে উপজেলার হাকিমপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক নেতা তরুণ বিশ্বাসের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সময় হামলায় ৫-৬টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসসহ উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাকিমপুর গ্রামের বাসিন্দা লিয়াকত মণ্ডল জানান, সামাজিক বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সমর্থক।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাকিমপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















