কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের পর নেতাকর্মীদের থানা ঘেরাও
- আপডেট সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৯ বার পঠিত

কুমিল্লায় একজন উপজেলা বিএনপি সভাপতিকে আটকের জের ধরে থানা ঘেরাও করে দলটির নেতাকর্মীরা। এই সময় সেখানের বাস টার্মিনালও অবরোধ করেন দলটির কর্মী সমর্থকরা। পরের বিকেল নাগাদ অবরোধ তুলে নিলেও বর্তমানে থানার সামনে অবস্থান নিয়ে আছেন নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
খবর পেয়ে তখনই দলীয় নেতাকর্মীরা থানার সামনে এসে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পাশেই শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বিবিসি বাংলাকে বলেন, “তাকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে”।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, দুপুরে বিএনপি নেতা মি. কাইয়ুমকে আটক করার পরই সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্লোগান দিতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার গেটে অবস্থান নেয় পুলিশ।
স্থানীয় গণমাধ্যমকর্মী জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমান থানার সামনে কিছু নেতাকর্মীরা থাকলেও অনেক নেতাকর্মীই সেখান থেকে সরে গেছেন।
তবে, বিএনপি নেতা কাইয়ুমকে ঠিক কি কারণে আটক করা হয়েছে সেটি নিশ্চিত করে জানায়নি পুলিশ।


















