জলাবদ্ধতা দূরীকরণে আটঘরিয়ার খাল খনন: উপকৃত হবেন কয়েক হাজার কৃষক
- আপডেট সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৬ বার পঠিত

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের ভরতপুর নতুনপাড়া এলাকায় সরকারি উদ্যোগে বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজ শুরু হয়েছে। খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় কয়েক হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধতা ও নানাবিধ ক্ষতি থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ভরতপুর নতুনপাড়া ব্রিজ থেকে শুরু করে ট্যাপার ব্রিজ অভিমুখে এই খালটি খনন করা হচ্ছে। বর্তমানে এর খনন কাজ পুরোদমে চলমান রয়েছে।
এ বিষয়ে চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, “জনগণের দীর্ঘদিনের দাবির মুখে ভরতপুর নতুনপাড়া ব্রিজ হতে ট্যাপার ব্রিজ অভিমুখে এই খালটি সরকারিভাবে পাস হয়েছে। এই খাল খনন সম্পন্ন হলে লক্ষণপুর, ভরতপুর ও নওদাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকদের কয়েক হাজার বিঘা জমির ফসল রক্ষা পাবে।”
এদিকে খাল খননের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, জোলাটি সংস্কার ও খনন করার ফলে বর্ষা মৌসুমে ফসলি জমির পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচকাজেও এটি ভূমিকা রাখবে। প্রকল্পটি দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

























