ঝিনাইদহে ডিম নিক্ষেপ-হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য
- আপডেট সময় : ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪০ বার পঠিত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এর পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
ঝিনাইদহ জেলার পুরাতন ডিসি কোর্ট এলাকায় শুক্রবার জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের পর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়।
এসময় হামলাকারীদের সঙ্গে নাসিরউদ্দিন পাটওয়ারীর সমর্থকদের হাতাহাতি ও মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
নাসিরউদ্দিন পাটওয়ারী দাবি করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরাই তার ওপর এই হামলা চালিয়েছে। হামলায় তার নেতাকর্মীরা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল।
তারা বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিভিন্ন কুরুচীপূর্ণ বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করেছে।
এদিকে এই ঘটনায় ঝিনাইদহ শহরে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান জানিয়েছেন, এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

















